বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা মে ২০২৬ ০৮:২৪:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (৪ মে) বিকেলে সদর উপজেলার রিচি গ্রামের অগ্নিকোনা ও ঈশানকোনা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় একটি ফুটবল ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলায় জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। খুব শিগগিরই এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন