মৌলভীবাজার রুটে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর এবং বাস ভাঙচুরের ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এ কারণে রবিবার সকাল থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এই ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল জানান, বিভাগীয় কমিশনার ও জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একাধিকবার আলোচনা হলেও সমস্যার কোনো সুষ্ঠু সমাধান হয়নি। ফলে তাঁরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। আজকের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, একই দাবিতে এর আগেও গত মঙ্গলবার অনির্দিষ্টকালের ধর্মঘট ও শনিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। তবে প্রশাসনের আশ্বাসে সে সময় দুই দফায়ই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সূত্রে জানা যায়, গত ১০ মে মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কয়েকটি বাস আটকে দেয় স্থানীয় শ্রমিকরা। ওই সময় বাস ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিককে মারধরও করা হয়। এ ঘটনার পর সিলেটের বিভাগীয় কমিশনার ও হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। এর জের ধরেই রবিবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আকস্মিক ধর্মঘটের কারণে সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। আর এ সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছে অন্যান্য ছোট যানবাহনগুলোতেও। তাই অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
ডিবিসি/পিআরএএন