হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। খেলার বল তুলতে গিয়ে ছোট ভাই পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয় বড় ভাই। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলাজুড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উপজেলার শৈলাজুড়া গ্রামের মধু সরকারের দুই ছেলে শ্রাবণ (৮) ও সৌরভ (৬)। একসঙ্গে দুই ছেলের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল দুই ভাই শ্রাবণ ও সৌরভ। একপর্যায়ে তাদের খেলার বলটি পাশের একটি খালে পড়ে যায়। বলটি পানি থেকে তুলে আনতে গিয়ে প্রথমে ছোট ভাই সৌরভ খালে পড়ে তলিয়ে যেতে থাকে। এ সময় চোখের সামনে ছোট ভাইকে ডুবতে দেখে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয় বড় ভাই শ্রাবণ। কিন্তু দুর্ভাগ্যবশত সেও পানিতে ডুবে যায়।
দীর্ঘক্ষণ দুই শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের খালে তাদের নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
ডিবিসি/এমএনকে