জেলার সংবাদ

হবিগঞ্জে বাস চাপায় নছিমন চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মুনিম মিয়া (২২) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিম মিয়া বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চারগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি নছিমনকে সজোরে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মুনিম মিয়ার মৃত্যু হয়। 

 

বাসটি নছিমনটিকে পিষ্ট করার পর মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারে কাজ চলছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন