হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখানে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ জিরাগুলো জব্দ করা হয়।
একই দিন তেলিয়াপাড়া বিওপির সদস্যরা ওই এলাকায় অন্য একটি অভিযানে একটি মাইক্রোবাসের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং ৭৬৮ ক্যান এনার্জি ড্রিংকস উদ্ধার করে। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত গাড়িটি জব্দ করার পাশাপাশি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শাহেদ মিয়া ও দোয়ারাবাজার উপজেলার আশরাফুলকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি টহল দল খাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু জব্দ করে। অভিযান শেষে জব্দকৃত সব মালামাল ও গবাদিপশু স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবিসি/কেএলডি