হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নবীগঞ্জের পানিউমদা-শমসেরগঞ্জ সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
গত ৫-৬ বছর ধরে সাড়ে চার কিলোমিটার অংশজুড়ে সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। প্রতিদিন এই ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইক, ঘটছে নিয়মিত দুর্ঘটনা। সড়কটির বেহাল দশার কারণে যাত্রী কমে যাওয়ায় পরিবহন চালকদের আয়-রোজগারেও ভাটা পড়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নবীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সাব্বীর আহমেদ জানান, ঢাকা থেকে কর্মকর্তাদের পরিদর্শন শেষে অনুমোদন মিললেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে। তবে দুই জেলার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিবিসি/আরএসএল