জেলার সংবাদ

হবিগঞ্জে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয় মাঠে তোপখানা ও চানপাড়ার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।


খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ২ মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন