হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. আব্দুল কাদির মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদির মিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তিনি চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ মার্চ দুপুরে বিদেশ থেকে টাকা পাঠানোকে কেন্দ্র করে স্ত্রী বীনা সরকারের সঙ্গে আব্দুল কাদির মিয়ার বিরোধ দেখা দেয়। এই বিরোধের জেরে তিনি চুনারুঘাট থানার দুধপাতিল গ্রামে শ্বশুরবাড়ির রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি হাজেরা খাতুন ওরফে মুল্লুক চানকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে আব্দুল কাদির মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মামলার তদন্ত শেষে ২০১২ সালের ৮ মে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত এই যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আফজাল হোসেন। রায় ঘোষণার পর তিনি জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হত্যা মামলা কার্যকরভাবে পরিচালনায় রাষ্ট্রপক্ষ সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিবিসি/আরএসএল