হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর রোববার সন্ধ্যায় নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল বেগমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে একই গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে জয়নাল মিয়া (৪০) এবং হেলাল আহমেদের ছেলে রাফি আহমেদকে (২৪) আটক করা হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল