বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে সালিশে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৭:২৯:৫৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে বিচার সালিশ চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টর্চ লাইটের আলোয় প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খড়কি গ্রামের আহমদ হোসেন ও তোফাজ্জল মিয়ার মধ্যে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ তাতে আপত্তি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে চরম উত্তেজনার সৃষ্টি করে এবং সংঘর্ষে রূপ নেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর অন্ধকার নেমে এলে দুই পক্ষ টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

 

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে দীর্ঘ চেষ্টার পর রাত ৯টার দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, টাকা-পয়সা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন