চলমান বাস ধর্মঘটের বিষয়ে জরুরি সভা করে হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপ। তবে জেলার অভ্যন্তরীণ রুটে আজ বুধবার (১৩ মে) সকাল থেকে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা যায়, গত দুই বছর ধরে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোটর মালিক সমিতির মধ্যে রুট নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত রবিবার (১০ মে) শেরপুর সেতু এলাকায় উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে সড়ক অবরোধ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং শ্রমিকদের মারধরের অভিযোগ এনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ফলে মঙ্গলবার সকাল থেকে ওই দুই রুটসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা মোটর মালিক গ্রুপের সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। পরে রাতে করণীয় নির্ধারণে জরুরি সভায় বসে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপ। সভায় জানানো হয়, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
তবে সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে হবিগঞ্জ-শ্রীমঙ্গল, হবিগঞ্জ-নবীগঞ্জ, হবিগঞ্জ-বানিয়াচংসহ জেলার অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল জানান, শুক্রবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই সভায় কোনো সুষ্ঠু সমাধান না এলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিবিসি/আরএসএল