ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর আশঙ্কায় হবিগঞ্জ সীমান্তে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও স্বেচ্ছায় পাহারায় অংশ নিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করেছেন।
জানা যায়, শনিবার (২৭ জুন) ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানসংলগ্ন ৮২ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারত থেকে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির তৎপরতা এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে অনুপ্রবেশকারীরা পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।
এই ঘটনার পর থেকেই সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শনিবার রাতভর হবিগঞ্জের সাতছড়ি, রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল এবং পাহাড়ঘেঁষা সীমান্ত এলাকায় বিজিবি অতিরিক্ত টহল বৃদ্ধি করেছে। পাশাপাশি নাইট ভিশন ডিভাইস ব্যবহার করে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যদের সঙ্গে স্থানীয় জনগণও রাত জেগে সীমান্ত পাহারায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অপতৎপরতা ও ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ডিবিসি/পিআরএএন