ওমানের কাছাকাছি একটি তেলবাহী জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকায় হওয়া বিভিন্ন হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন বলে গত মাসে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় এই প্রাণহানির মর্মান্তিক চিত্র উঠে এসেছে। গত ১ মার্চ মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘এমকেডি ব্যোম’ নামের একটি তেলবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন। কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার না করলেও মার্কিন সামরিক বাহিনী এর জন্য ইরানি বাহিনীকে দায়ী করেছিল। একই দিনে ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে পালাউ-এর পতাকাবাহী ‘স্কাইলাইট’ ট্যাংকারে হামলায় আরও দুই ভারতীয় নাবিক প্রাণ হারান।
এরপর গত ৮ মে হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিকদের বহনকারী একটি কাঠের নৌকায় আগুন ধরে গেলে আরও এক ভারতীয় নাবিক নিহত হন। সর্বশেষ, গত ৯ জুন ওমান উপকূলে ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। মার্কিন বাহিনীর দাবি ছিল, জাহাজটি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ লঙ্ঘন করেছিল।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/ এসভিএন