হরমুজ প্রণালিতে কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকবে না বলে নিশ্চিত করেছে ইরান। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, কোনো বাংলাদেশি জাহাজ যদি আটকে থাকে, তবে ইরান তা ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, এই দুই দেশ আলোচনায় ঐকমত্যে পৌঁছাতে না পারলে বিশ্বজুড়ে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।
শামা ওবায়েদ আরও জানান, যুদ্ধাবস্থার মধ্যেও দেশে যেন জ্বালানি সংকট তৈরি না হয় এবং বাংলাদেশ স্বস্তির জায়গায় থাকে, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে যারা যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে ইচ্ছুক, তাদের সহযোগিতা করা হবে। প্রতিমন্ত্রী জানান, ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননে বাংলাদেশি মিশনও বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার সময় ইরানি কর্তৃপক্ষ সেটিকে আটকে দেয় বলে অভিযোগ ওঠে। এতে এই জলপথে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে শঙ্কা তৈরি হয়।
ডিবিসি/এফএইচআর