আন্তর্জাতিক

হরমুজে ভারতীয় ট্যাংকারের গতিপথ আটকাল ইরানের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে একটি ভারতীয় জাহাজের গতিপথ আটকে দিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, প্রণালির দক্ষিণ রুট বা 'ওমান করিডোর' দিয়ে যাওয়ার সময় ওই ভারতীয় জাহাজটিকে বাধা প্রদান করে ইরানের একটি যুদ্ধজাহাজ ।

জানা গেছে, ইরানের বাধার মুখে পড়া ভারতীয় ওই ট্যাংকারের নাম 'হানা'। জাহাজটি হরমুজ প্রণালির কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ রুট ব্যবহার করে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল।

 

তবে ইরানি যুদ্ধজাহাজের মুখোমুখি হওয়ার পর সেটির স্বাভাবিক যাত্রা থমকে যায়।

 

ফারস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ওমান করিডোর দিয়ে যাওয়ার সময় ভারতীয় তেল ট্যাংকারকে লক্ষ্য করে কড়া সতর্কতা জারি করে ইরানি নৌবাহিনী। বিশাল যুদ্ধজাহাজ থেকে আসা এই চূড়ান্ত সতর্কবার্তার পর ট্যাংকারটি আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পায়নি এবং তাকে পিছু হটতে হয়।

 

এই ঘটনার পর থেকে ওই সামুদ্রিক অঞ্চলে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইরানি সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির এই দক্ষিণ রুটে অন্য কোনো জাহাজের চলাচল বা ট্রাফিক পর্যবেক্ষণ করা হয়নি।

 

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক তেল সরবরাহ পথ হিসেবে পরিচিত। ফলে এই স্পর্শকাতর অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও ভূ-রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন