হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার জেরে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি জ্বালানি তেল কেনার উদ্যোগ নিয়েছে ভারত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এই তথ্য জানিয়েছেন ব্যবসা বিশ্লেষক প্রতিষ্ঠান 'কেপলার'-এর প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুমিত রিতোলিয়া বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ভারতে তেল ও গ্যাস রপ্তানি বাড়ানোর সক্ষমতা রয়েছে। তবে তা মধ্যপ্রাচ্যের বিশাল সরবরাহের বিকল্প হওয়ার জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয়। এছাড়া, এই সংকটের মধ্যে ভারত রাশিয়া থেকেও তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে বলে জানান এই বিশ্লেষক।
জ্বালানি খাতের এমন পরিস্থিতির মাঝেই বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানা গেছে, তার এই সফরের অন্যতম লক্ষ্য হলো নয়াদিল্লির সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন চুক্তি সম্পাদন করা।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি