ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড একটি কন্টেইনার জাহাজে গুলি চালানোর কিছু সময় পরই আরও একটি জাহাজে হামলা চালানোর সংবাদ পাওয়া গেছে। বুধবার (২২ এপ্রিল) হরমুজ প্রণালিতে দ্বিতীয় এই জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী।
ব্রিটিশ সামরিক বাহিনীর ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও) কেন্দ্র তাৎক্ষণিকভাবে দ্বিতীয় জাহাজে কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
তবে, এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে ইরানের ওপরই সন্দেহ করা হচ্ছে। কারণ এর কিছুক্ষণ আগেই তাদের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড প্রথম কন্টেইনার জাহাজটিতে গুলি চালিয়েছিল।
দ্বিতীয় হামলার বিষয়ে ওই কার্গো জাহাজটি জানিয়েছে, তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং জাহাজটি মাঝপথে সাগরে থেমে গেছে। তবে জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি ইরানি কন্টেইনার জাহাজে গুলি করে তা জব্দ করা এবং মঙ্গলবার ভারত মহাসাগরে ইরানের তেল বাণিজ্যের সাথে যুক্ত একটি তেল ট্যাংকারে মার্কিন বাহিনীর ওঠার কয়েকদিন পরই এই হামলার ঘটনাগুলো ঘটল।
সূত্র: এপি
ডিবিসি/এসএফএল