যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর এবার হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।
রয়টার্সের খবরে বলা হয়, এই হামলার আগে বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে হামলা হয়, যা পরবর্তী সংঘাতের সূত্রপাত ঘটায়। এর ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে পড়ে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শনিবার আক্রান্ত ট্যাংকারের ব্রিজ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন।
ইরান সরাসরি নির্দিষ্ট কোনো জাহাজে হামলার বিষয়ে মন্তব্য না করলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাদের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অনুমোদনহীন পথে চলা কিছু জাহাজকে সতর্ক করতে গুলি ছুড়েছে। একই প্রতিবেদনে বলা হয়, এর ফলে কিছু জাহাজ ইরানের অনুমতি নিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে পাল্টা হামলা হিসেবে তারা যুক্তরাষ্ট্র-সম্পর্কিত সামরিক লক্ষ্যবস্তুতে ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালিয়েছে। অন্যদিকে বাহরাইন, যেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর রয়েছে, সেখানে ইরানি ড্রোন হামলার কথাও জানানো হয়।
তবে মার্কিন সেনাবাহিনী এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুদ্ধ চলাকালে ইরান অতীতেও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়।
ডিবিসি/এইচএপি