আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আইআরজিসি-র নতুন নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) আইআরজিসি নৌ কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়, এই জলপথে একটি নতুন শৃঙ্খলা বা অর্ডার প্রতিষ্ঠিত হয়েছে।


আইআরজিসি-র নতুন নির্দেশনায় চারটি প্রধান বিষয় উল্লেখ করা হলো:
১. বেসামরিক নৌযানগুলো কেবল ইরানের নির্ধারিত রুট বা পথ ব্যবহার করতে পারবে।
২. সামরিক জাহাজের প্রবেশ ও চলাচল আগের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
৩. হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের নৌযান চলাচলের জন্য আইআরজিসি নৌবাহিনীর পূর্বানুমতি নিতে হবে।
৪. এই সমস্ত চলাচল যুদ্ধক্ষেত্রে 'নিস্তব্ধতার সময়কাল' এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


এর আগে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তির নতুন কিছু দিক স্পষ্ট করেছে।


সূত্রটি শুক্রবার জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শুরু থেকে ইরানের প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা ছিল। তবে লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে ব্যর্থ হওয়ায় ইরান জাহাজ চলাচলের ওই চুক্তি আপাতত স্থগিত করেছে।


সূত্রটি আরও জানিয়েছে যে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান তিনটি কঠোর শর্ত আরোপ করেছে:


বাণিজ্যিক পরিচয়: চলাচলকারী জাহাজগুলো অবশ্যই বাণিজ্যিক হতে হবে। কোনো সামরিক জাহাজ প্রবেশ করতে পারবে না। এমনকি জাহাজ বা তার পণ্য যেন কোনো শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে।


নির্ধারিত রুট: জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত সুনির্দিষ্ট পথ দিয়ে চলাচল করতে হবে।


সমন্বয়: জাহাজ চলাচলের জন্য অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। উল্লেখ্য, যুদ্ধের আগে মার্কিন সেন্টকম-ও হরমুজ প্রণালিতে আইআরজিসি-র কর্তৃত্ব ও ব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করেছিল।


বিবৃতিতে সূত্রটি জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি মূলত লেবাননে যুদ্ধবিরতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত বাস্তবায়নের ওপর নির্ভর করছে।


সূত্র: তাসনিম নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন