হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে একটি ফরাসি মালবাহী জাহাজ। হামলার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বখ্যাত ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম। বুধবার (৬ মে) প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, আক্রান্ত জাহাজটির নাম সিএমএ সিজিএম সান আন্তোনিও।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম-এর বরাতে জানা গেছে, মঙ্গলবার জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হামলার মুখে পড়ে। সিএমএ সিজিএম তাদের বিবৃতিতে বলেছে, গতকাল হরমুজ প্রণালিতে আমাদের জাহাজ সিএমএ সিজিএম সান আন্তোনিও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় জাহাজের বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর দিয়েছিল যে, একটি মালবাহী জাহাজ প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা দূরপাল্লার গোলাবারুদ) আঘাতের শিকার হয়েছে। তবে সে সময় জাহাজটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি ফরাসি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে তাদের কোনো জাহাজ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি। মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যমগুলো আগে থেকেই ধারণা দিচ্ছিল যে, হরমুজ প্রণালিতে একটি ফরাসি জাহাজে গুলিবর্ষণ করা হয়ে থাকতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের সামুদ্রিক যান চলাচলের ওপর কঠোর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ফরাসি জাহাজে এই হামলার ঘটনা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে পুনরায় ঝুঁকির মুখে ফেলেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল