আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানের পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ যে জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান মাইন বসাতে শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত কয়েক দিনে সেখানে গুটিকয়েক মাইন বসানো হলেও এর বিস্তৃতি এখনো খুব একটা ব্যাপক নয়। তবে একটি সূত্রের দাবি, ইরানের হাতে এখনো তাদের ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষুদ্র যুদ্ধযান এবং মাইন স্থাপনকারী জাহাজ সম্পূর্ণ অক্ষত রয়েছে, যা দিয়ে দেশটি চাইলে অত্যন্ত দ্রুত এই প্রণালিতে কয়েক শ মাইন ছড়িয়ে দিতে পারে।

বর্তমানে ইরানের নৌবাহিনীর পাশাপাশি এই কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির হাতে। এই প্রণালিতে বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী যান, বিস্ফোরক বোঝাই দ্রুতগতির নৌকা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহারের সক্ষমতা তাদের রয়েছে। এর আগে আইআরজিসি প্রকাশ্যেই সতর্ক করে বলেছিল, এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজের ওপর হামলা চালানো হবে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই জলপথ কার্যত বন্ধ রয়েছে এবং চরম ঝুঁকির কারণে বর্তমান অবস্থাকে ‘ডেথ ভ্যালি’ বা মৃত্যু উপত্যকা হিসেবে অভিহিত করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে এই প্রণালি পার করে দেয়নি।

 

এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে গত মঙ্গলবার (১০ মার্চ ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে নিতে হবে। মাইন সরানো না হলে ইরানকে ‘নজিরবিহীন’ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। তবে তেহরান যদি বসানো মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা হবে সঠিক পথে এক বিশাল পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তার পরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে (সাবেক টুইটার) জানান, প্রেসিডেন্টের নির্দেশনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হরমুজ প্রণালিতে থাকা ইরানের নিষ্ক্রিয় মাইন স্থাপনকারী জাহাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করছে। এই প্রণালিকে কোনোভাবেই ‘সন্ত্রাসী’দের কাছে জিম্মি হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে সেন্টকমের পক্ষ থেকেও দাবি করা হয় যে, তারা ওই প্রণালির কাছাকাছি ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের বেশ কিছু নৌযান ধ্বংস করেছে। এর আগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ববাসীকে আশ্বস্ত করে বলেছিলেন, হরমুজ প্রণালি নিরাপদ থাকবে এবং মাইন শনাক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সেরা প্রযুক্তি ও পর্যাপ্ত নৌযান ওই অঞ্চলে মোতায়েন রয়েছে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন