মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করার ঘোষণা দেওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই প্রণালীতে যেকোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে গণ্য হবে।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এক্সে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যেকোনো মার্কিন হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার কড়া সমালোচনা করে আজিজি আরও বলেন, হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে পরিচালিত হবে না!
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে দীর্ঘদিন ধরে চলা অবরোধের কারণে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার নাবিক তাদের জাহাজে আটকা পড়ে আছেন। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আটকে পড়া জাহাজ ও নাবিকদের উদ্ধারে আমেরিকার যেকোনো ভূমিকার বিরুদ্ধে তেহরানের পক্ষ থেকে এই কড়া সতর্কবার্তা সামনে এলো।
সূত্র: সিএনএন
ডিবিসি/কেএলডি