ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি মার্কিন এমকিউ-১ (MQ-1) ড্রোন ভূপাতিত করেছে। সোমবার (১৩ জুলাই) এই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি (IRIB) নিশ্চিত করেছে। তবে এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মার্কিন ড্রোন ভূপাতিত করার এই খবরের ঠিক আগেই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দেশের দুটি ভিন্ন স্থানে বিস্ফোরণের তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোনারাক এবং দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এই সামরিক সংঘাত এমন এক সময়ে ঘটল যখন হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালীর সার্বিক কার্যক্রমের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে। একই সাথে এই কৌশলগত জলপথ সুরক্ষিত রাখার বিনিময়ে অন্যান্য দেশগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করা উচিত বলেও তিনি প্রত্যাশা করেন।
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তারা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে, ইরান তার নিজস্ব জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কোনো হস্তক্ষেপ অতীতেও বরদাস্ত করেনি এবং ভবিষ্যতেও হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় তাদের কোনো ধরনের আধিপত্য বিস্তার করতে দেবে না।
সূত্র: আনাদোলু
ডিবিসি/পিআরএএন