দক্ষিণ ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে এর এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে জেটটির দ্বিতীয় ক্রু সদস্যের কোন খোঁজ পাওয়া যায়নি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস দুজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, নিখোঁজ ওই সদস্যের সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকারী এ বিশেষ দলে দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ বিমান অংশ নেয়। জানা গেছে, এফ-১৫ জেটের উদ্ধারকৃত পাইলটকে বহনকারী একটি হেলিকপ্টার গুলির শিকার হয়। এতে হেলিকপ্টারে থাকা কয়েকজন ক্রু সদস্য আহত হলেও শেষ পর্যন্ত সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এর পাশাপাশি, উদ্ধার অভিযানে অংশ নেওয়া এ-১০ ওয়ারথগ বিমানটিতেও আঘাত হানা হয় এবং এর পাইলট উপসাগরের ওপর দিয়ে ইজেক্ট করার পর তাকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে যে, তাদের সেনাবাহিনী একটি এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত করেছে। এটিই সেই বিমান কি না, তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
ইতোমধ্যে যাচাইকৃত বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ইরানের খুজেস্তান প্রদেশে একটি মার্কিন বিমান ও দুটি হেলিকপ্টার বিধ্বস্ত যুদ্ধবিমানটির নিখোঁজ ক্রুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলি সামরিক বাহিনী তল্লাশি অভিযান চলাকালীন ওই নির্দিষ্ট এলাকায় তাদের হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছে বলেও খবর পাওয়া গেছে। চলমান এ উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা যুদ্ধে আছি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুদ্ধবিমানের ওপর হামলার এ ঘটনা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য আলোচনাকে প্রভাবিত করবে না।
তথ্যসূত্র: বিবিসি
ডিবিসি/এএমটি