আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য অপেক্ষা করছি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১০ মার্চ ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র মেজর জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালি এলাকায় মার্কিন নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী 'গেরাল্ড ফোর্ট'-এর জন্য তাদের বাহিনী অপেক্ষা করছে।

মেজর জেনারেল নাইনি পশ্চিমাদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে তাদের চলমান সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে পশ্চিমা বিশ্বে এক লিটার তেলও সরবরাহ করতে দেওয়া হবে না।

 

অন্যদিকে, সোমবার ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, যেকোনো মূল্যে জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি নিরাপদ রাখা হবে। ইরান যদি এই জলপথ বন্ধ করার কোনো চেষ্টা করে, তবে তাদের ওপর বর্তমানের চেয়ে বিশ গুণ বেশি মাত্রায় হামলা চালানো হবে বলে তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, তার প্রশাসন এই প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে এবং পরিস্থিতি বিবেচনায় মার্কিন নৌবাহিনী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রহরা বা এসকোর্ট প্রদান করবে।

 

আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্তকারী হরমুজ প্রণালিকে মূলত 'জ্বালানির বৈশ্বিক দরজা' হিসেবে আখ্যায়িত করা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো তাদের রপ্তানির জন্য এই রুটের ওপর নির্ভরশীল। বিশ্বব্যাপী প্রতিদিন চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশই এই পথ ব্যবহার করে থাকে। এই প্রণালি বন্ধ থাকলে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্বে জ্বালানি সরবরাহ কার্যত অসম্ভব হয়ে পড়বে।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। আইআরজিসি ইতোমধ্যে এই রুটে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করেছে এবং কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা 'ইউকে মেরিটাইম অপারেশন'-এর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন