ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য একটি সাময়িক ট্রানজিট কাঠামো ঘোষণা করেছে। এই নতুন ব্যবস্থার আওতায় নৌপরিবহন পরিচালনাকারীদের পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটির কাছে যাতায়াতের জন্য আবেদন জমা দিতে হবে। তবে প্রথম ৬০ দিনের জন্য কোনো প্রকার ফি বা শুল্ক নেওয়া হবে না; এই সময়কালের যাবতীয় খরচ ইরান সরকার নিজেই বহন করবে।
বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় এক বিবৃতিতে জানায়, নৌযান চলাচল এবং নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে অবশ্যই কর্তৃপক্ষের নির্ধারিত রুট, সময়সূচি এবং পরিচালনসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক-এ উল্লিখিত মাইন অপসারণ ব্যবস্থাসহ অন্যান্য প্রযুক্তিগত ও অতিরিক্ত পদক্ষেপগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যোগাযোগ ও বাস্তবায়ন করা হবে।
ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পারাপারে ইচ্ছুক বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের আবেদন পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটির কাছে জমা দিতে হবে। উক্ত সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য আবেদনকারীদের ওপর কোনো ফি বা চার্জ ধার্য করা হবে না। এই সংক্রান্ত সমস্ত ব্যয় ইসলামিক রিপাবলিক অব ইরান সরকার বহন করবে। সমঝোতা স্মারকের লক্ষ্যসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটিকে সমস্ত আবেদন অগ্রাধিকারভিত্তিতে এবং দ্রুততার সাথে পর্যালোচনা ও প্রক্রিয়াজাতকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রানজিট রুটে বিদ্যমান বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট নৌ ও নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে, নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং সামুদ্রিক দুর্ঘটনা রোধে জাহাজগুলোকে অবশ্যই নির্দেশিত রুট, সময়সূচি এবং নির্দেশনা মেনে চলতে হবে। এর ফলে হরমুজ প্রণালিতে পর্যায়ক্রমে বাণিজ্যিক জাহাজ চলাচল বৃদ্ধি করা সম্ভব হবে।
হরমুজ প্রণালি দিয়ে ট্রানজিট পরিচালনার কার্যপদ্ধতি ও প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি কর্তৃক অবহিত করা হবে। মাইন অপসারণসহ অন্যান্য বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থা ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রহণ করা হবে।
সূত্র: প্রেস টিভি
ডিবিসি/এসএফএল