ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে একটি ‘অনিরাপদ’ নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে যায়। পরে জাহাজ দুটিকে থামিয়ে দেওয়া হয়।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ‘ভুল তথ্যের’ কারণে ট্যাংকার দুটি ওই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করেছিল। জাহাজ দুটির নাবিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলেও দাবি করা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী শিপিং কোম্পানিগুলোকে ক্রু ও জাহাজের নিরাপত্তার স্বার্থে বিপজ্জনক নৌপথ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা পুনরায় দাবি করেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকায় হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এ পরিস্থিতিতে অঞ্চল থেকে তেল, গ্যাস বা রাসায়নিক সার রপ্তানি হবে না।
এ ছাড়া সমুদ্রপথে লঙ্ঘনের জবাবে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান শুরু হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
সূত্র: মেহের নিউজ
ডিবিসি/এসএফএল