আন্তর্জাতিক

হরমুজ প্রণালির তলদেশের সাবমেরিন ক্যাবল থেকে আয়ের ছক কষছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই মে ২০২৬ ০৪:১৮:৫২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে সফল অবরোধের পর এবার প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট ক্যাবলগুলোর দিকে নজর দিয়েছে ইরান। ইউরোপ, এশিয়া এবং পারস্য উপসাগরের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক ডেটা আদান-প্রদানকারী এসব ক্যাবল ব্যবহার করার জন্য বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করতে চায় দেশটি।

ইরানের রাষ্ট্রীয় মদদপুষ্ট সংবাদমাধ্যমগুলো হুঁশিয়ারি দিয়েছে যে, প্রতিষ্ঠানগুলো অর্থ প্রদান না করলে ডেটা ট্রাফিক ব্যাহত হতে পারে। গত সপ্তাহে তেহরানের আইনপ্রণেতারা এমন একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যার মাধ্যমে আরব দেশগুলোর সাথে ইউরোপ ও এশিয়ার সংযোগ স্থাপনকারী সাবমেরিন ক্যাবলগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

 

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি গত সপ্তাহে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষণা করেন, আমরা ইন্টারনেট ক্যাবলের ওপর ফি আরোপ করব।

 

দেশটির রেভল্যুশনারি গার্ডস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো কোম্পানিগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে। সাবমেরিন ক্যাবল কোম্পানিগুলোকে ক্যাবল নেওয়ার জন্য লাইসেন্স ফি দিতে হবে এবং এর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার পাবে কেবল ইরানি প্রতিষ্ঠানগুলোই।

 

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের মধ্য দিয়ে যাওয়া এসব ক্যাবলে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ থাকলেও, ক্যাবলগুলো ঠিক ইরানের জলসীমার মধ্য দিয়ে গেছে কি না তা এখনও অস্পষ্ট। এছাড়া, কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই টেক জায়ান্টগুলো ইরানের কাছে অর্থ প্রদান করতে পারবে না। তাই বিশ্লেষকদের ধারণা, কোম্পানিগুলো ইরানের এই বক্তব্যকে কোনো বাস্তবসম্মত নীতির বদলে নিছক 'হুমকি' হিসেবেই দেখছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর থেকে ফেরার পর পুনরায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান ক্রমশ এই বার্তাই দিচ্ছে যে, সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী হাতিয়ার রয়েছে। এই পদক্ষেপটি প্রমাণ করে যে, ইরান কেবল জ্বালানি রফতানির ওপর নির্ভরশীল না থেকে নিজেদের ভৌগোলিক অবস্থানকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে পরিণত করতে চাইছে।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন