হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও সেই পুরনো ও অস্থির অবস্থায় ফিরে এসেছে। দুই দেশই একে অপরের ওপর চাপ সৃষ্টির কৌশল বেছে নেওয়ায় বিপাকে পড়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল।
সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দ্রু হুডিস্টিনু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি প্রশমনের কিছুটা আশা জাগলেও বর্তমানে তা আবারও আগের অবস্থায় ফিরে গেছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে পরিস্থিতি এখন সম্পূর্ণ অনিশ্চিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা আবারও শুরুর বিন্দুতে অবস্থান করছে।
হুডিস্টিনু মনে করেন, ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দিয়ে একটি পরিকল্পিত চাল চেলেছিল। কিন্তু ওয়াশিংটন এর বিনিময়ে ইতিবাচক কোনো সাড়া না দেওয়ায় তেহরান দ্রুত তাদের আগের অবস্থানে ফিরে গেছে। তিনি বলেন, ইরান যে সদিচ্ছা দেখানোর চেষ্টা করেছিল, যুক্তরাষ্ট্র থেকে পাল্টা কোনো সুযোগ না পাওয়ায় তা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
এই বিশ্লেষক আরও যুক্তি দেখান যে, ইরান কখনোই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাত থেকে ছেড়ে দেবে না। কারণ এটিই তাদের হাতে থাকা একমাত্র শক্তিশালী মাধ্যম বা হাতিয়ার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব চাপ তৈরির কৌশল চালিয়ে যাচ্ছে। হুডিস্টিনুর মতে, ওয়াশিংটনের এই অবরোধ মূলত তাদের বৃহত্তর 'বলপ্রয়োগমূলক কূটনীতির' একটি অংশ। এর মাধ্যমে তারা ইরানকে চাপে রেখে নিজেদের লক্ষ্য হাসিল করতে চাইছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি