আন্তর্জাতিক, আরব

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ আইআরজিসি নৌবাহিনীর হাতে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে নিজেদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ সামরিক অভিযান পরিচালনা ইউনিট। একই সাথে তারা সতর্ক করে দিয়ে বলেছে, এই জলসীমায় যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (৩০ মে) খতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এখন থেকে হরমুজ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা পূর্ণ কর্তৃত্বের সাথে পরিচালনা করবে ইরানের সশস্ত্র বাহিনী।


বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ, কার্গো ভেসেল এবং তেল ট্যাংকারকে বাধ্যতামূলকভাবে শুধুমাত্র নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। একই সাথে প্যাসেজের জন্য ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।


কৌশলগত এই জলপথ ব্যবহারকারী সকল জাহাজের জন্য নির্ধারিত নিয়মাবলী মেনে চলার ওপর গুরুত্বারোপ করে সামরিক কমান্ড সতর্ক করেছে যে, নিয়ম লঙ্ঘনের যেকোনো চেষ্টা জাহাজের নিরাপদ যাতায়াতকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে।


আঞ্চলিক জলসীমায় মোতায়েন থাকা বিদেশী নৌবাহিনীর উদ্দেশ্যে এক কঠোর হুঁশিয়ারি বার্তায় বলা হয়, হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় হস্তক্ষেপ কিংবা নৌ-চলাচলে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে বিদেশী সামরিক জাহাজ কোনো পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি তাদের নিশানা করবে।


উল্লেখ্য, বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রেক্ষিতে, যেসব দেশের জাহাজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অভিযানে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে, তাদের জন্য এই প্রণালি ব্যবহার ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তেহরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরে অবরোধ আরোপের ঘোষণার পর ইরান এই জলপথে তল্লাশি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করে।


আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনির ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়ন করতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।


ইরানের একজন সংসদ সদস্য জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব ও এর ব্যবস্থাপনা আনুষ্ঠানিক রূপ দিতে দেশের পার্লামেন্ট খুব শীঘ্রই একটি আইন অনুমোদন করতে যাচ্ছে।


এদিকে গত বৃহস্পতিবার ট্র্যাকিং সিস্টেম বা জিপিএস বন্ধ করে ইরানের নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা চালায় একটি মার্কিন তেল ট্যাংকার। পরবর্তীতে আইআরজিসি নৌবাহিনীর কঠোর বাধায় ট্যাংকারটি ফিরে যেতে বাধ্য হয় বলে জানা গেছে।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন