হরমুজ প্রণালি ব্যবহার করা সব বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করতে হলে ইরানের ঠিক করে দেওয়া নির্ধারিত পথই ব্যবহার করতে হবে, অন্যথায় জাহাজগুলো খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সদর দপ্তর।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান যৌথ ও অপারেশনাল কমান্ড কেন্দ্র খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যে-কোনো হস্তক্ষেপের তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত।
বিবৃতিতে ইরান আরও বলেছে, হরমুজ প্রণালি কোনোভাবেই আগ্রাসী যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের আওতাধীন এলাকা।
সশস্ত্র বাহিনীর ওই বিবৃতির বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা ইসলামিক ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা।
ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হলে তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। ফলে ওই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।
ডিবিসি/এসএস