আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা পুরোপুরি ফিরিয়ে না আনলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে ট্রাম্পের এই হুমকি পরিস্থিতিকে নাটকীয়ভাবে আরও উত্তপ্ত করে তুলেছে।
শনিবার এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। ইরান এই প্রণালি 'শত্রু দেশগুলোর জাহাজের' জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে।
উইকেন্ড কাটাতে ফ্লোরিডায় নিজের বাসভবনে অবস্থানরত ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, "যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি হুমকিমুক্তভাবে সম্পূর্ণ খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানবে এবং সেগুলো ধ্বংস করে দেবে। আর এর শুরুটা হবে সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়ে।" তবে সবচেয়ে বড় কেন্দ্র বলতে তিনি ঠিক কোনটিকে বুঝিয়েছেন, তা নির্দিষ্ট করেননি।
ট্রাম্পের এই হুমকির পরপরই কড়া জবাব দিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা জানিয়েছে, যদি ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয়, তবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবে তেহরান।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি