মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলে হুমকির মুখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অপরিশোধিত তেল উৎপাদন ও শোধন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত। দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
কেপিসি জানায়, কুয়েতের ওপর সাম্প্রতিক হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে এই সতর্কতামূলক হ্রাস কার্যকর করা হয়েছে। সংস্থাটি এই পদক্ষেপকে তাদের ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষা কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই উৎপাদন হ্রাসের সিদ্ধান্তটি স্থায়ী নয়। চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে নিয়মিত এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়া মাত্রই পুনরায় পূর্ণ মাত্রায় তেল উৎপাদনে ফেরার জন্য কেপিসি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উৎপাদন কমানো হলেও কুয়েতের অভ্যন্তরীণ বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। কেপিসি জানিয়েছে, পূর্বপরিকল্পিত ব্যবস্থা অনুযায়ী অভ্যন্তরীণ বাজারের সমস্ত চাহিদা সম্পূর্ণ নিরাপদ রাখা হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যা দিয়ে প্রতিদিন বিশ্ববাজারের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতায় এই পথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল