বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (৪ মার্চ ) এই কৌশলগত জলপথে চলাচলকারী একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ওই জাহাজটিতে হামলার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ওমানের নৌবাহিনীর দ্রুত ও সময়োচিত পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বিধ্বস্ত জাহাজটি থেকে ২৪ জন ক্রুর সবাইকে সফলভাবে উদ্ধার করেছে ওমানি বাহিনী। যদিও এই হামলায় কোনো ক্রু নিহত হননি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য একটি অপরিহার্য রুট। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট তেল ও তরল গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশই এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা চরমে পৌঁছেছে। যুদ্ধের ঠিক পরদিনই, অর্থাৎ ১ মার্চ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সূত্র: মিডল ইস্ট মনিটর
ডিবিসি/এফএইচআর