আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে ঢুকলেই মার্কিন বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনীর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওই প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অভিযানের ঘোষণার পরপরই চরম প্রতিক্রিয়া হিসেবে ইরানের সামরিক বাহিনী এই সতর্কবার্তা দিল।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই কৌশলগত জলপথের সম্পূর্ণ নিরাপত্তা ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর’ হাতে ন্যস্ত। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, যেকোনো পরিস্থিতিতে এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত ও নৌচলাচলের ক্ষেত্রে অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনীর সাথে পূর্ব সমন্বয় করতে হবে। সামরিক বাহিনীর ওই বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষা ও পরিচালনা করবে।

 

যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালীতে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় ব্যতীত এই পথ দিয়ে যাতায়াত করা থেকে সকল বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাংকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। সেই সঙ্গে বিবৃতিতে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আগ্রাসী মার্কিন সেনাবাহিনী বা অন্য যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার বা এর ভেতরে প্রবেশের বিন্দুমাত্র চেষ্টা করে, তবে তাদের ওপর তাৎক্ষণিক সামরিক হামলা চালানো হবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন