কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিভিন্ন সামরিক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে এ পাল্টা হামলা চালানো হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ বলে নিশ্চিত করেছে ইরানি বাহিনীটি।
আইআরজিসি’র পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত এ ট্যাংকারটি দুটি ড্রোনের লক্ষ্যবস্তু হয়। হামলার পর জাহাজটিতে প্রচণ্ড আগুন ধরে যায়।
উল্লেখ্য গত শনিবার থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বের মোট জ্বালানি পরিবহণের প্রায় ২০ শতাংশ এই জলপথের ওপর নির্ভরশীল হওয়ায় তেহরানের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্যাংকারে হামলার এ নতুন ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এএমটি