আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ (MQ-1) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি সেনাবাহিনী। দেশটির দাবি, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নতুন একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ড্রোনটিকে শনাক্ত ও ট্র্যাক করার পর সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করা হয়। পুরো অভিযানটি দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

 

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপ-কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা এবং দ্বীপগুলোতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ মার্কিন অবরোধের জবাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, এর আগে গত শনিবার ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধের প্রতিবাদে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জাহাজগুলো এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি সামরিক উত্তেজনার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত রেখেছে ইরান। পরবর্তীতে এপ্রিলের শুরুতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও বর্তমানে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সূত্র: ডন

ডিবিসি/হাদী

আরও পড়ুন