আন্তর্জাতিক, এশিয়া

হরমুজ প্রণালী দিয়ে একফোঁটা তেলও বের হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতার মধ্যে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেলও বের হতে না দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে, এই রুট পাড়ি দেওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।

একই সঙ্গে এই উত্তেজনাকর পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে গিয়ে ঠেকতে পারে বলেও সতর্ক করেছে তারা। মূলত ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ‘অবৈধ’ অভিযানের প্রতিবাদে গত শনিবার থেকেই হরমুজ প্রণালি আংশিক বন্ধ করে দেওয়া হয়, যার ফলে বিশ্ববাণিজ্যের এই অত্যন্ত স্পর্শকাতর রুটটি কার্যত অচল হয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় এবার জলপথটি পুরোপুরি বন্ধের ঘোষণা দিল তেহরান।

 

উল্লেখ্য, সমুদ্রপথে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-চতুর্থাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুট বন্ধ হওয়া মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনে বড় ধরনের বিপর্যয় নেমে আসা। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মধ্যপ্রাচ্যের সব পক্ষকে হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। 

 

মঙ্গলবার (৩ মার্চ) এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বেইজিং সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং উত্তেজনা আরও বৃদ্ধি এড়ানোর অনুরোধ জানাচ্ছে। বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ঠেকাতে এই নৌপথ সচল রাখা জরুরি উল্লেখ করে তিনি আরও জানান, চীন তার নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেবে। উল্লেখ্য, চীন ইরানি তেলের প্রধান ক্রেতা এবং দেশটির জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালির ওপর সরাসরি নির্ভরশীল।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন