পারস্য উপসাগরের প্রবেশপথ ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সেখানে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাংকার আটকা পড়েছে। বিবিসি ফার্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নৌপথটি দিয়ে চলাচল অনিরাপদ হয়ে পড়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন জাহাজগুলোর মালিকরা।
বর্তমানে তারা পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ চালাচ্ছেন এবং নৌপথটি পুনরায় নিরাপদ হওয়ার অপেক্ষায় রয়েছেন।
সাম্প্রতিক অস্থিরতার জেরে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) ঘোষণা করেছে, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। গত কয়েক দিনে ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা বৈশ্বিক নৌ-চলাচলে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। হামলার আশঙ্কায় অধিকাংশ জাহাজই এখন ঝুঁকি নিতে নারাজ।
আটকে পড়া জাহাজগুলোর মধ্যে প্রায় ৬০টি সুপারট্যাংকার রয়েছে, যা বিশ্বের মোট সুপারট্যাংকার বহরের প্রায় আট শতাংশ। গুরুত্বপূর্ণ এ পথটি রুদ্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
এরই মধ্যে এ সংকটের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, দ্রুত সমাধান না হলে জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
ডিবিসি/এএমটি