আন্তর্জাতিক

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ভয়াবহ হামলায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অদূরে কেনসকফ (Kenscoff) এলাকায় একটি সশস্ত্র গ্যাংয়ের ভয়াবহ হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়েছে। বারবার এ ধরনের প্রাণঘাতী হামলা থেকে সাধারণ মানুষকে রক্ষায় প্রশাসনের ব্যর্থতার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাইতির জাতিসংঘ ইন্টিগ্রেটেড অফিস জানিয়েছে যে হতাহতের এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে। অন্যদিকে, হাইতিয়ান মানবাধিকার গোষ্ঠী আরএনডিডিএইচ (RNDDH) জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই হামলায় অন্তত ৩০ থেকে ৪০ জন নিহত এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে তারা ধারণা করছে, তবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব করা এই মুহূর্তে বেশ কঠিন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গ্যাং সদস্যরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার মধ্যে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিন উইলিয়াম পেপ-এর বাড়িও রয়েছে।

 

এই বর্বরোচিত হামলার পর স্থানীয়রা পুলিশের তীব্র সমালোচনা করেছেন। থানা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এই হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ সাধারণ মানুষকে বাঁচাতে চরমভাবে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে তারা স্থানীয় পুলিশ প্রধানের দ্রুত পদত্যাগ দাবি করেছেন। কোরিওলান কেন্ডি নামের এক ভুক্তভোগী তার নিহত কাজিনের লাশের পাশে দাঁড়িয়ে বলেন, "কেনসকফের মানুষ চরমভাবে ভুগছে এবং এর জন্য সরকারই দায়ী।" যদিও জাতীয় পুলিশ প্রধান ভ্লাদিমির পারাইসন এলাকা পরিদর্শনে গিয়ে জানিয়েছেন যে পুলিশ হাল ছাড়েনি এবং তারা সশস্ত্র হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেছে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে কেনসকফকে কোনোভাবেই অরক্ষিত রাখা হবে না এবং দ্রুত সেখানে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

 

রাজধানীর উপকণ্ঠে পাহাড়ের ওপর অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই কেনসকফ এলাকায় গত বছর থেকে এ পর্যন্ত প্রায় ডজনখানেক গ্যাং হামলা হয়েছে। এর আগে ২০২৫ সালের শুরুর দিকে টানা দুই মাসের হামলায় ২৬০ জনের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩,০০০ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। চলমান এই গ্যাং সহিংসতা এবং নিরাপত্তার চরম অভাব হাইতির রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন আয়োজনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গ্যাংগুলোর দৌরাত্ম্য থামাতে জাতিসংঘ-সমর্থিত 'গ্যাং সাপ্রেশন ফোর্স' আগামী শরৎ নাগাদ তাদের সেনাসংখ্যা ৫,৫০০-এর বেশিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন