হাইতির বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে ব্রাজিল। তবে রাফিনিয়ার ফিটনেস নিয়ে উদ্বেগ এই জয়ের আনন্দকে কিছুটা ম্লান করে দিয়েছে। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় বার্সেলোনার এই উইঙ্গার মাঠ ছাড়তে বাধ্য হন, যার ফলে চোটের বিস্তারিত জানতে কোচ কার্লো আনচেলত্তিকে চিকিৎসকদের পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। রাফিনিয়ার চোটের কারণে কিছুটা দুশ্চিন্তায়ও রয়েছে কোচ আনচেলত্তি।
অন্যদিকে দলের জন্য স্বস্তির খবর হলো, খুব শিগগিরই মাঠে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের একটি গোলে পাওয়া এই সহজ জয় ‘সি’গ্রুপে সেলেসাওদের অবস্থান আরও শক্তিশালী করেছে। তবে ম্যাচের পর আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে রাফিনিয়ার ফিটনেস। হ্যামস্ট্রিং চোটে পড়লে ম্যাচের ৪০তম মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামেন বোর্নমাউথের তরুণ খেলোয়াড় রায়ান।
চলতি বছর রাফিনিয়ার পুরনো হ্যামস্ট্রিং সমস্যার কথা বিবেচনা করে নতুন এই চোট তাৎক্ষণিকভাবে দলের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। চোটের মাত্রা নির্ধারণ করতে ব্রাজিলের মেডিকেল দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করবে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন যে, তিনি এখনও এই চোটের তীব্রতা সম্পর্কে নিশ্চিত নন। ম্যাচের পর তিনি বলেন 'আগামীকাল রাফিনিয়ার অবস্থা মূল্যায়ন করা হবে, এই মুহূর্তে আমরা জানি না ঠিক কী ঘটেছে।' সতীর্থের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, 'আমার মনে হয় আমরা সবাই চিন্তিত। আশা করি গুরুতর কিছু হয়নি। তাকে এখনও পরীক্ষা করাতে হবে, এরপরই বিস্তারিত জানা যাবে।'
রাফিনিয়ার চোট দলে সাময়িক অনিশ্চয়তা তৈরি করলেও নেইমারের বিষয়ে উৎসাহজনক খবর পেয়েছে ব্রাজিল। পায়ের পেশির (কাফ) চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ মিস করার পর এই ফরোয়ার্ড এখন মাঠে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন।
আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, নেইমারের প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, 'নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকিদের সাথে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।' সূত্রঃ গোলডটকম
ডিবিসি/আরএসএল