খেলাধুলা, ফুটবল

হাইতি ম্যাচের আগে ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডান পায়ের কাফ মাসলের চোটের কারণে এক মাস বাইরে থাকার পর, অবশেষে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন নেইমার। বুধবার নিউ জার্সির মরিসটাউনে চলমান বিশ্বকাপের প্রথমবারে মতো ব্রাজিল দলের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অনুশীলনে যোগ দেন তিনি।

এদিন রাফিনহা, ব্রুনো গুইমারেস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস এবং ফাবিনহোর সঙ্গে মাঠে নামেন এই ফরোয়ার্ড। সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে রসিকতা করে তিনি বলেন, তোমরা কি আমাকে মিস করেছ? তবে দলের সঙ্গে প্রাথমিক কিছু কাজ করার পর তিনি মাঠের একপাশে গিয়ে কোচিং স্টাফদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলন শুরু করেন। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রথমবারের মতো একাকী রানিং ড্রিল এবং কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের একজন সদস্যের সাথে কাজ করেছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা।

 

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলে চোট পান নেইমার, তবে চোট সত্ত্বেও তাকে বিশ্বকাপের দলে রাখা হয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপ 'সি'-তে শুক্রবার তারা হাইতির এবং আগামী ২৪ জুন বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে। সোমবার গ্রেড টু পেশির চোট থেকে সেরে ওঠার জন্য নেইমারের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, যদিও সিবিএফ এখনও এর ফলাফল নিশ্চিত করেনি। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর মতে, নকআউট পর্বের আগে তার পুরোপুরি ফিট হওয়ার আশা করছে মেডিকেল টিম, যার অর্থ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না।

 

২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুর এসিএল এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, এরপর থেকে চোট, পুনর্বাসন ও বিশ্রামের কারণে প্রায় ৭০০ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও দলের কিট পরেননি তিনি।

 

নেইমারের ফেরা প্রসঙ্গে গত শনিবার কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, নেইমার দ্রুত সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আগামী সপ্তাহে সে দলের সঙ্গে পুরোপুরি যোগ দেবে বলে আমরা আশা করছি। তার প্রশ্নাতীত কারিগরি দক্ষতার পাশাপাশি অভিজ্ঞতা ও তরুণদের জন্য দৃষ্টান্ত স্থাপনের কারণেই তাকে দলে রাখা হয়েছে।
 

সূত্র: ইএসপিএন

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন