হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। হাওর এলাকার কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম বেগবান করতেই এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে চিহ্নিত করে একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে। এই তালিকার ওপর ভিত্তি করেই আগামী তিন মাস কৃষকদের জন্য সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।
সভায় দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ভবিষ্যতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও প্রাথমিক আলোচনা করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হাওরবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে জানিয়েছিলেন যে, ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত তিন মাস সরকারি সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।
উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন। এছাড়াও হাওর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ আলোচনায় অংশ নেন।
ডিবিসি/টিবিএ