আন্তর্জাতিক, অন্যান্য

হাঙ্গেরিতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কবর খোঁড়ার প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হাঙ্গেরির একটি কবরস্থানে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৮ জন। শনিবার দেশটির উত্তরাঞ্চলের নেরগেশুইফালু শহরের একটি সরকারি কবরস্থানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুইজন করে মোট ১৯টি দল অংশ নেয়।

মৃত্যুকে ঘিরে থাকা সামাজিক ট্যাবু দূর করার পাশাপাশি কবর খোঁড়ার পেশার দক্ষতা ও শারীরিক পরিশ্রমকে সামনে আনতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সিমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস এ আয়োজন করে।


প্রতিযোগীদের নির্দিষ্ট মাপ অনুযায়ী কবর খুঁড়তে হয়। প্রতিটি কবরের গভীরতা ১ দশমিক ৬ মিটার, দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ শূন্য দশমিক ৮ মিটার নির্ধারণ করা হয়। এ কাজে প্রতিযোগীরা শুধু কোদাল, বেলচা ও গাঁইতি ব্যবহার করেন।


গ্রীষ্মের তীব্র গরমে শুকিয়ে শক্ত হয়ে যাওয়া মাটি প্রতিযোগীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্রুততম সময়ে নির্ধারিত মাপের কবর খোঁড়ার পাশাপাশি কাজের ধরন ও নিখুঁততাও বিবেচনায় নেওয়া হয়।


প্রতিযোগিতায় বিজয়ী হন রবার্ট নাগি ও তার সতীর্থ লাসলো কিশ। তারা ১ ঘণ্টা ২১ মিনিটে নির্ধারিত মাপের কবর খুঁড়ে প্রথম স্থান অর্জন করেন।


বিজয়ী রবার্ট নাগি বলেন, এখানে সৌন্দর্যের চেয়ে গতি বেশি গুরুত্বপূর্ণ। তবে শেষকৃত্যের জন্য কবর খোঁড়ার সময় নির্ধারিত মাপ ঠিক রাখা এবং কবরটি সুন্দরভাবে তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বিজয়ী দল পুরস্কার হিসেবে পায় ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট, যা প্রায় ৬৪০ মার্কিন ডলারের সমান।


সূত্র: এপি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন