রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়াম আদালতে নিজের দায় স্বীকার করেছেন। আজ শুক্রবার আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিন্তি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারের পক্ষ থেকে তার সহপাঠী সিয়ামের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
বৃহস্পতিবার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান অভিযুক্ত সিয়ামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। পুলিশ জানায়, ছুরিকাঘাতে বিন্তিকে হত্যার অভিযোগে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। বর্তমানে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে রাখা হয়েছে।
ডিবিসি/আরএসএল