গাজীপুরের ঘটনা

হাতি দিয়ে টাকা না তোলার শর্তে মালিকদের ফিরিয়ে দেওয়া হলো ২টি হাতি

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সড়ক-মহাসড়কসহ দেশের বিভিন্ন জায়গায় হাতি দিয়ে তোলা হতো টাকা। ২ বছর আগে খবর পেয়ে বন বিভাগ সেই হাতি দুটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসে। হাতির মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্যাতন না করা, হাতি দিয়ে টাকা না তোলাসহ বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়ে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে সম্রাট ও নিহারকলি নামের দুটি হাতিকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাতি ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানান গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান। তিনি জানান, গত ১২ আগস্ট বুধবার দুপুরে শ্রীপুরের গাজীপুর সাফারি পার্ক থেকে সম্রাট ও নিহারকলি নামের হাতি দুটিকে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। সম্রাটকে তার মালিক মনির মিয়া ও নিহারকলিকে তার মালিক আব্দুল মজিদ বুঝে নিয়েছেন।


২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার পর সম্রাটকে উদ্ধার করা হয়। পরে তাকে সাফারি পার্কে আনা হয়। অন্যদিকে, ২০২৪ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে নিহারকলিকে উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, হাতিটি দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলা এবং নির্যাতনের অভিযোগ ছিল। তাই হাতি দুটিকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছিল।


সম্রাটের মালিক মনির মিয়া জানান, সাফারি পার্ক থেকে হাতিটিকে এনে বর্তমানে মৌলভীবাজার এলাকায় রাখা হয়েছে। সেখানে নিজ দায়িত্বে হাতিটিকে লালন-পালন করা হবে।


গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, হাতির মালিকরা প্রক্রিয়া অনুসরণ করে বন বিভাগের কাছে আবেদন করেছিলেন। তাদের আবেদন যাচাই-বাছাই করে হাতি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতাও যাচাই করে দেখা হয়েছিল। তাদের কাছ থেকে জিম্মানামা ও মুচলেকা নেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হাতি দুটি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বন বিভাগের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। হাতি দুটি যাতে নির্যাতনের শিকার না হয়, কষ্ট না পায় এবং চাঁদা তোলার কাজে ব্যবহার না করা হয়-এমন শর্ত দেওয়া হয়েছে। ৩০০ টাকার স্ট্যাম্পে জিম্মানামা নিয়ে হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে। তার দাবি, সাফারি পার্কে দুটি হাতির মৃত্যুর কারণে নয়, মালিকদের আগের আবেদনের পর নিয়ম মেনেই হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন