শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। রবিবার (২২ মার্চ) রাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় দফা দাবি তুলে ধরে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে আটক হওয়ার পর এই আসামিদের ১৪ দিনের রিমান্ড শেষে রোববার পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলে বিচারক নতুন করে আরও ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের দেশে ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তা ইনকিলাব মঞ্চকে স্তম্ভিত করেছে। আসামিরা ধরা পড়ার পর সেটিকে প্রাথমিকভাবে সরকারের সাফল্য হিসেবে উদযাপন করা হলেও, বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যর্থতাই প্রকট হয়ে উঠেছে বলে দাবি করেছে সংগঠনটি।
উদ্ভূত এই পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চ তাদের সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেছে। এর মধ্যে প্রধান দাবি হলো, খুনিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই মুহূর্ত থেকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে তাদের দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে; এটিকে তারা কোনো অনুরোধ নয়, বরং জনগণের পক্ষ থেকে আলটিমেটাম হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। আসামিরা কীভাবে এবং কাদের সহায়তায় সীমান্ত পাড়ি দিল, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য অথবা স্থানীয় কোনো প্রভাবশালী গোষ্ঠী এতে জড়িত কি না, তা তদন্ত করে দ্রুত তাদের নাম প্রকাশ ও গ্রেপ্তারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
এছাড়া, ভারতে ইউএপিএ (UAPA) আইনের গ্যাঁড়াকলে পড়ে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয়, সেদিকে নজর রাখতে বাংলাদেশ সরকারকে একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের কথা বলা হয়েছে। এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে অগ্রগতি জাতিকে অবহিত করবে এবং ১৫ দিনের মধ্যে খুনিদের ফেরানোর আইনি জটিলতা নিরসনে কাজ করবে।
বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে কোনো বদ্ধঘরে বা গোপন ট্রায়ালের পরিবর্তে জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ‘ওপেন ট্রায়াল সিস্টেম’ বা উন্মুক্ত বিচারের দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সবশেষে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফেরানোর দৃশ্যমান কোনো অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা করা না হলে ঢাকাসহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা। রাজপথ থেকে গড়ে ওঠা এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
ডিবিসি/পিআরএএন