ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারত ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দ্রুত তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই হত্যাকাণ্ডে ভারতীয় সংশ্লিষ্টতার স্পষ্ট ইঙ্গিত বহন করে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদিকে একটি আপসহীন কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের পরও হাদি ভারত ও আওয়ামী লীগের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হাদি হত্যার পর যারা বিচারের দাবিতে সোচ্চার ছিলেন, তাদের বিরুদ্ধে দেশে একটি চক্র অপপ্রচার চালিয়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। ভারতের পাশাপাশি যারা হাদির খুনিদের নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকেও এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে দাবি করে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির পক্ষ থেকে সরকারকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
ডিবিসি/টিবিএ