ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত আসামির কাছে কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি কোনো বক্তব্য নেই বলে জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডি সূত্রে জানা যায়, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয়। মাইক্রো অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে পিস্তলটির সিরিয়াল নম্বর উদ্ধার করা সম্ভব হয়। তদন্তে দেখা যায়, ২০১৭ সালে আমদানিকৃত এই পিস্তলটি প্রথমে রাজধানীর পুরানা পল্টনের ‘এম আইচ আর্মস কোং’ থেকে চকবাজারের ‘ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্স’-এর কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অস্ত্রটি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’-এর মালিক মাজেদুল হক হেলাল কেনেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হেলালের লাইসেন্সটি মূলত তার বাবার নামে ছিল, যা ২০০০ সালে তিনি নিজের নামে করে নেন। তবে ২০১৪ সালের পর তিনি আর লাইসেন্স নবায়ন করেননি। অবৈধভাবে বা নবায়নহীন লাইসেন্স ব্যবহার করে অস্ত্রটি কেনার পর তা কীভাবে ঘাতকদের হাতে পৌঁছালো, তা নিশ্চিত হতেই হেলালকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেছিলেন, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার তদন্তে নেমেই পুলিশ এই মরণঘাতী অস্ত্রের উৎস সন্ধানে চট্টগ্রামের অস্ত্র ব্যবসায়ী হেলালকে গ্রেপ্তার করে।
ডিবিসি/এসএফএল