লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং লেবাননের "দক্ষিণের গ্রামগুলোতে বারবার হামলার" জবাবে তারা উত্তর ইসরায়েলে "রকেট বৃষ্টি" বা ব্যাপক রকেট হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে এবং রাত ২টা ৪৫ মিনিটে ডোভিব বসতি লক্ষ্য করে এসব রকেট ছোঁড়া হয়।
এর আগে গোষ্ঠীটি জানিয়েছিল যে, গত একদিনে তারা উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি, সামরিক ঘাঁটি এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মোট ৪৩টি হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, "আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।"
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি